ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরাতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে।
তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়েও সতর্ক করেন। তার ভাষায়, সব ঘটনাকে মব বলা সঠিক নয়, অনেক ক্ষেত্রে এগুলো বিচ্ছিন্ন অপরাধ। তিনি বলেন, প্রতিটি ঘটনার প্রকৃতি আলাদা, তাই তদন্ত ছাড়া কোনো ঘটনার চরিত্র নির্ধারণ করা উচিত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

