শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।
বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এ ঘটনায় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার। অপরাধের গুরুত্ব ও নৃশংসতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকেই মৃত্যুদণ্ড দেন।
রায়ের পর দুই আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। পরে তারা ওই সেল থেকে রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। এখন ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির মাধ্যমে মামলাটি হাইকোর্টে পরবর্তী বিচারিক পর্যায়ে এগোবে।

