জুলাই দিবসে ‘মেসেজ’ বিতর্ক: নাহিদ ইসলামের ব্যাখ্যা

জুলাই গণঅভ্যুত্থানকে কেবল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতা-কর্মীদের আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি উল্লেখ করেন, জুলাই ছিল দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। রাজনীতির বাইরে থাকা সাধারণ মানুষ, সুইং ভোটার, শ্রমজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অসামান্য ত্যাগের বিনিময়েই এই আন্দোলন সাফল্য লাভ করেছিল। আর সেই নেপথ্যের নায়কদের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই তিনি মেসেজ (বার্তা) পাঠিয়েছেন

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তারিত স্ট্যাটাসে তিনি এ সংক্রান্ত ব্যাখ্যা প্রদান করেন। জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে তিনি শহীদ কর্নেল গুলজার, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ ও শহীদ রিয়া গোপসহ আন্দোলন ও দেশের জন্য আত্মত্যাগকারী বহু বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, বিপ্লবের পর রাজনৈতিক দলগুলো আন্দোলনের কৃতিত্ব ভাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়লেও সাধারণ আন্দোলনকারীরা নিঃশব্দে ঘরে ফিরে গেছেন, যাদের কোনো মিছিলে কিংবা সংবর্ধনায় এখন আর দেখা যায় না

স্ট্যাটাসে নাহিদ ইসলাম জানান, আন্দোলনের সময় যেসব অগণিত অচেনা মানুষ-রাস্তায় খাবার ও পানি এগিয়ে দেওয়া ক্ষুদ্র ব্যবসায়ী, আহতদের বহনকারী রিকশাচালক, প্রাণ রক্ষাকারী চিকিৎসক এবং শিক্ষার্থীরা অকাতরে সমর্থন দিয়েছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাবনা থেকেই এই বার্তা পাঠিয়েছেন। মানবিক সীমাবদ্ধতার কারণে দেশের ষোলো কোটি বিপ্লবীর সবার কাছে ব্যক্তিগতভাবে বার্তা পাঠানো সম্ভব না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। পাশাপাশি টেক্সট মেসেজ না পেলেও আন্দোলনের প্রকৃত রচয়িতা এসব মানুষদের ভুলে যাননি বলে আশ্বস্ত করেন

আন্দোলন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এনসিপি আহ্বায়ক স্বীকার করেন যে, জুলাইয়ের পর জনগণের বহু স্বপ্ন ও প্রত্যাশা এখনও অপূর্ণ রয়ে গেছে। বহুপক্ষীয় নানা বাঁধা ও প্রচেষ্টার সীমাবদ্ধতার কারণে অনেক লক্ষ্য অর্জিত না হলেও তাঁরা নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে পিছপা হননি। জুলাইয়ের প্রকৃত আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে আবারও সোচ্চার থাকার এবং দেশের প্রয়োজনে একতাবদ্ধ হয়ে লড়াই জারি রাখার আকুল আহ্বান জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *