পাকিস্তানে একটি বিরল প্রজাতির ছাগল বিক্রিকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য । রাজনপুর অঞ্চলের বিশেষ ‘শেরা প্রিন্ট’ জাতের ছাগলটি ১৮ লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আগ্রহ তৈরি হয়। নজরকাড়া গায়ের রঙের নকশা এবং অনন্য গঠনের কারণে শুরু থেকেই এটি নজর কেড়েছিল সাধারণ মানুষের।
ছাগলটির সাবেক মালিক আলী জাহিদ জানান, এটি রাজনপুরের বিশেষ শেরা প্রিন্ট জাতের এক বিরল পশুমাত্র। গায়ের ভিন্নধর্মী ছাপ ও দৃষ্টিনন্দন শারীরিক বৈশিষ্ট্যের কারণে পুরো অঞ্চলে এমন দ্বিতীয় কোনো ছাগল ছিল না বললেই চলে। ছাগলটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী ক্রেতারা যোগাযোগ শুরু করেন এবং চড়া দাম হেঁকে এটি ক্রয়ের প্রতিযোগিতায় মেতে ওঠেন।
দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত আরশাদ দারেশাক নামের এক ব্যক্তি রেকর্ড দামে ছাগলটি কিনে নেন। তবে কেনাবেচার আনুষ্ঠানিকতা ছাপিয়ে মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় পশুটি বুঝে নেওয়ার মুহূর্তটি। ক্রেতার পক্ষ থেকে ফাজিলপুর থেকে রাজনপুরে হাজির হয় ৩০০ জনেরও বেশি মানুষের একটি সুবিশাল বহর। ঢাকঢোল বাজিয়ে, ফুল ছিটিয়ে এবং বাতাসে টাকা উড়িয়ে অত্যন্ত রাজকীয় আমেজে সেখানে নতুন মালিককে অভ্যর্থনা জানান স্থানীয়রা।
নতুন ঠিকানায় পৌঁছানোর পরও ছাগলটিকে ঘিরে উৎসুক জনতার উন্মাদনা থামেনি। বর্তমানে প্রতিদিন অসংখ্য মানুষ ছাগলটিকে একঝলক দেখতে এবং এর সাথে ছবি তুলতে ভিড় জমাচ্ছেন। গবাদিপশুর বাজারে সাধারণ কেনাবেচার বাইরে এমন ব্যতিক্রমী ও জাকজমকপূর্ণ উদযাপন স্থানীয় পর্যায়ে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি অনলাইন মাধ্যমেও তৈরি করেছে ব্যাপক আলোড়ন।

