ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং রাজনীতিতে তাঁর দীর্ঘ অবদান রয়েছে; তাই নিজের দল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়নের স্বার্থেই তিনি দেশে ফিরে আসবেন। বুধবার (৫ আগস্ট) সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুমিন ফারহানা। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শেখ হাসিনার সপরিবারে স্বজন হারানোর ইতিহাস রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর বর্তমান বয়স ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে আমার সাধারণ বুদ্ধি বা কমনসেন্স বলে-দলের ভবিষ্যৎ ও নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের মূল্যায়নের জন্য তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন।”
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, “প্রযুক্তির এই যুগে এসে গণমাধ্যমে কারও বক্তব্য পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়। মানুষ যা শুনতে চায়, তা কোনো না কোনো মাধ্যমে পৌঁছে যায়। অতীতে শেখ হাসিনার শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা ছিল। সেটি যদি অগণতান্ত্রিক চর্চা হয়ে থাকে, তবে একই কাজ বর্তমানে করা হলে তাকে কীভাবে গণতন্ত্র বলা যাবে?”
একই সাথে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “এ ধরনের সংঘাত আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই ইঙ্গিত দেয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, দলগুলোর নিজেদের অঙ্গসংগঠনের ওপর কার্যকরী নিয়ন্ত্রণ নেই, যা আমাদের আবার সেই পুরোনো কলঙ্কিত রাজনৈতিক সংস্কৃতিতেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে।” উল্লেখ্য, উক্ত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদদের স্বজন এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

