ঢাকার হাজারীবাগের আলোচিত ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরীর সাত মাস বয়সী শিশুকে আপাতত মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়। মঙ্গলবার (৪ আগস্ট) চূড়ান্ত শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান এ তথ্য জানান। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পারিবারিক আদালত।
লিগ্যাল এইড কার্যালয় জানায়, প্রচলিত আইন এবং শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় দুগ্ধপোষ্য হওয়ায় আপাতত শিশুটি মায়ের কাছেই থাকবে। একই সঙ্গে শুনানিতে কিশোরী ভবিষ্যতে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ না করার অঙ্গীকার করেছেন বলে জানানো হয়।
এদিকে কিশোরীর পরিবার অভিযোগ করেছে, তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া, কথিত বিয়ে, যৌন নির্যাতন ও প্রতারণার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, কিশোরীর বয়স ২০ বছর এবং তারা পারিবারিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
সংশ্লিষ্টরা জানান, শিশুর অভিভাবকত্ব, কথিত বিয়ের বৈধতা, কিশোরীর প্রকৃত বয়স এবং উত্থাপিত ফৌজদারি অভিযোগ সবগুলো বিষয় এখন পৃথক আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

