বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুদ রানাকে। সদস্য হিসেবে রয়েছেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. আরিফ সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দীন ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল আমিন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল-মাহবুব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ছাত্রশিবিরের আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে হামলার অভিযোগের পর দুই ছাত্রসংগঠনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার উভয় সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করেছে।

