প্রধান খবর

গোপনে বিবাহবন্ধনে স্পাইডারম্যান

হলিউডের জনপ্রিয় সুপারহিরো চরিত্র স্পাইডারম্যানের অভিনেতা টম হল্যান্ড ব্যক্তিগত জীবনে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তার জীবনসঙ্গী হয়েছেন একই সিরিজের সহশিল্পী জেনডায়া। বিষয়টি প্রকাশ্যে এনেছেন জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ।

একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের লালগালিচায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ল রোচ জানান, টম হল্যান্ড ও জেনডায়ার বিবাহ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি সত্য বলে নিশ্চিত করেন।

টম হল্যান্ড ও জেনডায়ার পরিচয় ২০১৬ সালে ‘স্পাইডারম্যান: হোমকামিং’ চলচ্চিত্রের শুটিং চলাকালে। দীর্ঘদিনের বন্ধুত্বের পর ২০২১ সালে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি বাগদানের গুঞ্জনকে জোরালো করে তোলে। বিশেষ করে এক আন্তর্জাতিক পুরস্কার আসরে জেনডায়ার হাতে হীরার আংটি দেখা গেলে বিষয়টি আলোচনায় আসে। পরে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড ‘বাগদত্তা’ শব্দ ব্যবহার করলে সম্পর্কের আনুষ্ঠানিকতার বিষয়টি আরও স্পষ্ট হয়।

এই তারকা জুটি ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন। আগামী বছর ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা যাওয়ার কথা রয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা এ জুটি একসঙ্গে কাজের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পারস্পরিক বোঝাপড়া পেশাগত কাজকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *