মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান জানিয়েছেন, দুই দেশের পর্যটন, সংস্কৃতি ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বহু বছর ধরে আস্থা, পারস্পরিক সম্মান ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে এগিয়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার গালা ডিনারে হাইকমিশনার বলেন, আগামী বছরগুলোতে আরও বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর জন্য মালয়েশিয়া প্রস্তুত। পর্যটন হলো এমন এক সেতুবন্ধন, যা খাবার, সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতার মাধ্যমে দুই সমাজকে কাছে আনে।
ওসমান বলেন, ‘ফেস্টিভ্যাল মালয়েশিয়া’ দেশটির বহুসাংস্কৃতিক পরিবেশের রং, স্বাদ ও ছন্দকে তুলে ধরে। সাংস্কৃতিক বিনিময় দুই দেশের উষ্ণ সম্পর্ককে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরসহ সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরগুলো দুই দেশের সহযোগিতা আরও সুদৃঢ় করেছে।
হাইকমিশনার আরও বলেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বে অন্যতম সংযুক্ত বিমানবন্দর হিসেবে তালিকাভুক্ত হওয়ায় দেশটিকে ভ্রমণ, বাণিজ্য ও বিনিয়োগের একটি শক্তিশালী আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করছে। এছাড়া সরকারি ই-ভিসার মাধ্যমে সরাসরি আবেদন করলে প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল হয়, যা তৃতীয় পক্ষ ব্যবহার করলে তথ্যবিভ্রাট ও ঝুঁকি বাড়তে পারে।

