অতিবৃষ্টির প্রভাবে কাঁচামরিচের দামে ঊর্ধ্বগতি, চাপে ক্রেতারা

নওগাঁর খুচরা বাজারে কাঁচামরিচের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ২১০ টাকা পর্যন্ত দাম বেড়ে বর্তমানে খুচরা বাজারে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষকরা তুলনামূলক ভালো দাম পেলেও বাড়তি ব্যয়ের চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর।

ব্যবসায়ী ও কৃষকদের ভাষ্য, টানা অতিবৃষ্টির কারণে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে এবং বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবেই পাইকারি ও খুচরা উভয় বাজারেই কাঁচামরিচের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় প্রায় এক হাজার হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে। তবে ভারী বর্ষণে অন্তত ১০ হেক্টর জমির মরিচক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাজারে সরবরাহও হ্রাস পেয়েছে।

এদিকে বাজারে উচ্চমূল্যের কারণে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কাঁচামরিচ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। অন্যদিকে কৃষকদের দাবি, ভালো দাম মিললেও উৎপাদন কম থাকায় প্রত্যাশিত লাভ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে উৎপাদন ও সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *