আম্মারের বিচারের দাবিতে শিক্ষক নেটওয়ার্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড’ এবং ‘অপরাধমূলক তৎপরতার’ অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বুধবার (২৯ জুলাই) উপাচার্য বরাবর দেওয়া এক লিখিত আবেদনে শিক্ষক নেটওয়ার্ক ২৭ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাসে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানায়। আবেদনে অভিযোগ করা হয়, ওইদিন কয়েকজন শিক্ষার্থীকে মারধরের পাশাপাশি আহতদের সঙ্গে অমানবিক আচরণের ঘটনাও ঘটেছে।

শিক্ষক নেটওয়ার্কের দাবি, বিশ্ববিদ্যালয়ে কোনো অভিযোগের তদন্ত ও বিচার করার এখতিয়ার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো ব্যক্তি বা ছাত্রসংগঠনের আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তারা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ‘মব জাস্টিস’-এর প্রবণতাকে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

আবেদনের শেষাংশে শিক্ষক নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *