প্রধান খবর

আগামী সপ্তাহ থেকে কমতে পারে গ্যাস সংকট: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার আশা করছে আগামী সপ্তাহ থেকে দেশে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমতে শুরু করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সংকটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তিনি বলেন, এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটিজনিত সমস্যা এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। দেশীয় উৎপাদন স্বাভাবিক থাকলেও একটি এফএসআরইউতে বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে আমদানিকৃত এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। ত্রুটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ প্রায় ৫০ শতাংশ স্বাভাবিক হতে পারে এবং পরবর্তী সপ্তাহে পূর্ণ সক্ষমতায় সরবরাহ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *