দেশে মারাত্মক ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এ ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর নানা উপসর্গ শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও বিশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক আপডেট দেওয়া হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে নিশ্চিত হামের কারণে কারও মৃত্যু না হলেও আক্রান্তদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে অনুষঙ্গিক ও জটিল উপসর্গ নিয়ে। অধিদপ্তরের দেওয়া হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে কেবল হামের মারাত্মক উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৭৩০ শিশু। অন্যদিকে চিকিৎসায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৫ জন শিশু মারা গেছে। দুই মিলিয়ে গত সাড়ে চার মাসে মোট ৮২৫টি শিশুর মৃত্যু ঘটল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৫৫ জনে।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে হাসপাতালে ভর্তিকৃত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জনে। তবে স্বস্তির বিষয় হলো, এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বিশেষ জোর তৎপরতা চালাচ্ছেন।

