অপহরণের বিভীষিকা কাটিয়ে আবারও স্কুলে ফিরেছে রাঙ্গুনিয়ার শিশু শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন। রোববার (২৬ জুলাই) সকালে ইমাম আজম আবু হানিফা বিদ্যালয়ে তার ফিরে আসা ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের আন্তরিক অভ্যর্থনায় নতুন সাহস নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যায় ছোট্ট ওয়াসিফা।
বিদ্যালয়ের মূল ফটকে পৌঁছাতেই সহপাঠীরা সমবেত কণ্ঠে তাকে স্বাগত জানায়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আবছার তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। দুই সারিতে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের করতালির মধ্য দিয়ে ওয়াসিফাকে শ্রেণিকক্ষে নিয়ে যাওয়া হয়। ক্লাসে প্রবেশের পর বন্ধুরা তাকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করলে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
গত ২০ জুলাই স্কুল শেষে বাড়ি ফেরার পথে বাবার অসুস্থতার মিথ্যা তথ্য দিয়ে কৌশলে ওয়াসিফাকে অপহরণ করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই অপহরণের পরিকল্পনা করা হয়েছিল।
এ ঘটনায় ওয়াসিফার বাবার এক মামাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। কয়েক দিনের আতঙ্ক পেছনে ফেলে ওয়াসিফার স্কুলে ফিরে আসা পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য স্বস্তির পাশাপাশি সাহস ও আশার প্রতীক হয়ে উঠেছে।

