ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চলমান যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। শনিবার দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে।
জেলেনস্কির দাবি, গত মাস থেকেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়ার কাছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হস্তান্তরের প্রস্তুতিও নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের ভাষ্য, রাশিয়া-উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতা শুধু ইউক্রেন নয়, এশিয়ার সামগ্রিক নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। তার মতে, এই সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে এবং নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছিল।

