ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান তীব্র আন্দোলনের মধ্যেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। আন্দোলনরত রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) ও শিক্ষার্থীরা মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে অনড় থাকলেও সরকার স্পষ্টভাবে জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সুযোগ নেই এবং পুরো সরকার তাঁর পাশে শক্তভাবে অবস্থান করছে।
ককরোচ জনতা পার্টি এবং আন্দোলনকারীরা আগে থেকেই বলে আসছিল, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার প্রধান পূর্বশর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে।
শীর্ষ সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সংকটকালে পদত্যাগ বা বরখাস্ত করা হলো সবচেয়ে সহজ ও সাময়িক পথ। সরকারের অবস্থান পরিষ্কার করে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেশের সাধারণ জনগণ তাঁদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছেন এবং সরকার সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চায়। পালানোর পথ বেছে না নিয়ে সংকটের মূলে গিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের আবেদন নাকচ করার পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (NTA)-র অভ্যন্তরীণ সমস্যা ও ত্রুটিগুলো সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরীক্ষা সংস্থার প্রশাসনিক ও প্রযুক্তিগত ত্রুটিগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই এগুলোর স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত একাধিক অপরাধী চক্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তাদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

