আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশার মধ্যেই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি। এর আগে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিন্সের বিপক্ষে জয়লাভের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পারেদেস বলেন, বিশ্বকাপের শেষদিকে পাঁজরের চোট নিয়েই খেলতে হয়েছে তাকে। চিকিৎসকদের সহায়তায় ব্যথা নিয়ন্ত্রণে রেখে দলের হয়ে খেললেও বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে জানান।
বিশ্বকাপ ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্বও নাকচ করেন এই মিডফিল্ডার। তার ভাষ্য, আর্জেন্টিনা পুরো আসরে ভালো খেলেছে, তবে ফাইনালে প্রতিপক্ষই ভালো ফুটবল উপহার দিয়েছে এবং শিরোপার যোগ্য দাবিদার ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন বহন করতে হবে।
জাতীয় দলে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে পারেদেস বলেন, এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তিনি জানান, নিজের ভবিষ্যৎ নিয়ে কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করে এবং সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার মতে, জাতীয় দলের বর্তমান মান ধরে রাখা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হবে।

