নড়াইলের নড়াগাতী এলাকায় জয়নগর ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
নিহত মনি মিয়া শেখ (৪৫) জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরজয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জয়নগর বাজার থেকে বাড়ি ফেরার পথে পানিপাড় এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

