প্রধান খবর

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে পরিণত করার ঘোষণা বিমানমন্ত্রীর

বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে একটি আধুনিক ও বিশ্বমানের পর্যটন হাবে পরিণত করার দৃঢ় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, লক্ষ্য বাস্তবায়নে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন হোটেলগুলোর আধুনিকায়নের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব তথ্য জানান।

কক্সবাজারকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়ে পর্যটন মন্ত্রী বলেন, এই অঞ্চলের সার্বিক উন্নয়নে পরিবেশবান্ধব ‘ইকো ট্যুরিজম’ মডেল অনুসরণ করা হবে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজার অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিমানমন্ত্রীর প্রস্তাবনার সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, পর্যটন মন্ত্রীর প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখেই কক্সবাজারের জন্য একটি নতুন ও আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যার মাধ্যমে জেলাটিকে একটি পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রস্তাবনা সমন্বয় করে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ‘কক্সবাজার স্মার্ট সিটি’ বিনির্মাণে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত মাস্টারপ্ল্যানের কাজ শুরু করার দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *