প্রধান খবর

চলতি মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসে যে দর কার্যকর ছিল, মার্চেও তা বহাল থাকবে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পত্র নম্বর ২৮.০৩.০০০০.০০০.০২৩.৩৭.০০০৫.২৫/ডিএলও-৩৫, তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬–এর আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিপিসি জানিয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দাম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং মার্চ মাসজুড়ে তা কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *