প্রধান খবর

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশি কিংবা বিদেশি যে কোনো বিনিয়োগকারী বাংলাদেশে মূলধন বিনিয়োগ করলে সরকার নীতিগত সহায়তা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারী ও করপোরেট প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতির প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন।

সরকারপ্রধান জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইনি সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থার সরলীকরণ, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, প্রশাসনিক জটিলতা হ্রাস, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, পুঁজিবাজার, স্টার্টআপ ও লজিস্টিকস খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্যও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *