পেরুর রাজধানী লিমার একটি নিম্ন আয়ের আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে একই পরিবারের ১৭ সদস্যের মধ্যে নয়জন রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন শিশু রয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ বা চাঁদাবাজির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের দাবি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কারী দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন থেকে বেঁচে যাওয়া গিনা ভিলচেজ জানান, তাদের পরিবারে মোট ১৭ জন ছিলেন। তাদের মধ্যে নয়জন নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন।
ঘটনার পর পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে দেশে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

