প্রধান খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একটি মেসে নিজ কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে একাই বসবাস করতেন বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ওই কক্ষ থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে বিষয়টি মেসের অন্য সদস্যদের নজরে আসে। সন্দেহ হওয়ায় তারা দ্রুত বন্দর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও সহপাঠীরা সেখানে উপস্থিত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থীকে দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের আংশিক পচন ও বাহ্যিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *