বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫১ সালের ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রাজধানীর পুরাতন আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে কবির সমাধিতে জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে স্মরণসভায় কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
মহাকবি কায়কোবাদ ১৯০৪ সালে ‘মহাশ্মশান’ কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে ‘মহাকবি’ উপাধিতে ভূষিত হন। বাংলা সাহিত্যে তিনি গীতিকাব্য, কাহিনিকাব্য ও কাব্য-উপন্যাসসহ অসংখ্য মূল্যবান সাহিত্যকর্ম রেখে গেছেন। ‘বিরহ বিলাপ’, ‘কুসুম কাননে’, ‘অশ্রুমালা’ ও ‘মহাশ্মশান’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম। সাহিত্যপ্রেমীরা আজ নানা কর্মসূচির মাধ্যমে এই বরেণ্য কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

