মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

