২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
মামলার আসামিদের তালিকায় সাবেক সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান, ডিএমপি কমিশনার, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে।
এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)। এ সময় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

