তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাটালগাজি জেলাকে কেন্দ্র করে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে। কম্পনটি মালাতিয়ার পাশাপাশি এলাজিগ, আদিয়ামান, তুনসেলি এবং শানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাপ্ত তথ্য মূল্যায়ন করছে।

