প্রধান খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০, উদ্ধার মাদক ও জাল নোট

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল নোট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে দুজন ভিকটিমকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ থেকে ১৮ জন, ওয়ারী থেকে ৫৯ জন, মতিঝিল থেকে ৫৪ জন, তেজগাঁও থেকে ৪৩ জন, মিরপুর থেকে ৯১ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *