ঢাকার সব আসনে জামায়াত জিতলেও পরিকল্পিতভাবে বিজয় কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি অভিযোগ করেন, জনগণের সমর্থন পাওয়ার পরও ভোট জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিট আয়োজিত দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।
বুলবুল বলেন, হাজারো প্রতিকূলতা মোকাবিলা করেও বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল। তার দাবি, এ কারণেই জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে ভোট দিয়েছিল। কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে জামায়াতকে মূলধারার রাজনীতিতে আসতে দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে থেকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতে ইসলামীর বিজয় কেড়ে নেওয়া হয়েছে এবং দলটিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের যে ইতিবাচক পরিচিতি রয়েছে, তা ধরে রাখতে হবে। তিনি দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব একটি আমানত। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা রাখতে হবে এবং জনগণের সেবায় নিজেদের সর্বদা প্রস্তুত রাখতে হবে।
তিনি বলেন, আমিরে জামায়াতের বক্তব্য, আদর্শ ও নীতির প্রতিফলন নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে থাকতে হবে। এমনভাবে কাজ করতে হবে, যাতে একজন কর্মীর আচরণে মানুষ জামায়াতে ইসলামীর আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, দেশে ইসলামী আন্দোলনের দাবিদার অনেক সংগঠন থাকলেও জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী কখনও কাদা ছোড়াছুড়ির রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না।
কোতোয়ালি দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

