বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট একযোগে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এটি প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। ছাঁটাইয়ের আগে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ২ লাখ ২০ হাজার কর্মী।
প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের পেছনে শেয়ারবাজারে দুর্বল পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে রেকর্ড পরিমাণ বিনিয়োগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে মাইক্রোসফটের শেয়ারদর উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বাজারমূল্য থেকেও বিপুল পরিমাণ অর্থ কমে গেছে। একই সময়ে এআই খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে আনার চাপও বেড়েছে।
ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে এক্সবক্স গেমিং বিভাগে। ঘোষিত ৪ হাজার ৮০০ পদের মধ্যে ১ হাজার ৬০০টি এই বিভাগ থেকে কমানো হচ্ছে। পাশাপাশি চারটি গেমিং স্টুডিও নতুন মালিকানার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে মাইক্রোসফট জানিয়েছে, এই ছাঁটাই সরাসরি এআই দিয়ে কর্মী প্রতিস্থাপনের উদ্দেশ্যে নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক পুনর্গঠন, ব্যয় নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর প্রযুক্তি খাতে এআই বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মাইক্রোসফট, অ্যামাজন, মেটাসহ একাধিক প্রতিষ্ঠান ব্যাপক কর্মী ছাঁটাই করেছে।

