বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ প্রস্তুত করা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। বিপরীতে সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে, যেখানে মোট মসজিদের সংখ্যা ২২ হাজার ৬টি।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ হাজার ৭০৩টি মসজিদ রয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুরে ৪৫ হাজার ৭৯২টি, বরিশালে ৩৫ হাজার ৬৯১টি, খুলনায় ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মাঠপর্যায়ের কার্যালয়গুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে জেলা ও উপজেলাভিত্তিক এ তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে প্রাথমিক এ পরিসংখ্যানে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকার সম্ভাবনাও রয়েছে।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রস্তুত করা আগের তালিকার তুলনায় দেশে বর্তমানে প্রায় ৪০ হাজার নতুন মসজিদ যুক্ত হয়েছে।

