পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর এক কর্মকর্তার বিরুদ্ধে তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিককে লাঞ্ছনা, তথ্য সংগ্রহে বাধা এবং কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ একজন ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ব্যাংক শাখায় যান। সেখানে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার একপর্যায়ে ভিডিও বক্তব্য ধারণের সময় ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন ভিডিও ধারণে বাধা দেন। এ সময় সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ, হুমকি এবং ব্যাংকের দরজা বন্ধ করে তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে ভেতরে আটকে রাখার অভিযোগ করা হয়।
পরে খবর পেয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে দুই ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাদের উপস্থিতিতে সাংবাদিক ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে ব্যাংক থেকে বের হতে সহায়তা করা হয়।
ঘটনার বিষয়ে সাংবাদিক সাজ্জাদুর রহমান সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোতির্ময় রায় এবং সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই স্থানীয় প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠানো হয়। অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

