প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ দ্রুত অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের অন্তত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বর্তমানে টাইফুনটি মার্শাল দ্বীপপুঞ্জ ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ২০৩ কিলোমিটার। পূর্বাভাস অনুযায়ী, এটি সুপার টাইফুনে রূপ নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ থেকে ২৭৮ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, কিছুটা দুর্বল হওয়ার পর আগামী সোমবার (৬ জুলাই) সকালে টাইফুন ‘বাভি’ গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

