ভারতের কর্নাটক রাজ্যের একটি পাথর খনিতে ধসের ঘটনায় অন্তত সাত শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) মাদাপাট্টানা গ্রামের কাবেরী কোম্পানির মালিকানাধীন খনিতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল অভিযান শুরু করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, খননকাজ চলাকালে ওপরের অংশ থেকে একটি বিশাল পাথরখণ্ড ভেঙে নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় খনিতে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
নিহত ও আহতদের অধিকাংশই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, প্রাথমিকভাবে মাটির ক্ষয়ের কারণেই ধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খনিটি নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাজ্যজুড়ে পাথর খনি পরিচালনায় নতুন নির্দেশিকা জারি করার কথাও জানান তিনি।

