মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মোট আটটি অভিযোগের ভিত্তিতে এই রায় দেওয়া হবে।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
প্রসিকিউশনের পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অপরদিকে আসামিপক্ষের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আসামিপক্ষের দাবি, কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এছাড়া, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সংসদ সদস্য ছিলেন না বলেও যুক্তিতর্কে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের পর সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের ১০ জন এবং আসামিপক্ষের ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। তদন্তের ভিত্তিতে প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে আটটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

