প্রধান খবর

শহীদ পরিবারের অনুদান ঘিরে বিতর্ক, বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শহীদ পরিবারের জন্য সরকারের দেওয়া অনুদানের অর্থ ব্যবহার করে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, তিনি নিজস্ব উপার্জনের অর্থে বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের পর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। শহীদ শাহরিয়ারের মা মমতাজ বেগম অভিযোগ করেন, তার সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা হয়েছে এবং শহীদ পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদানের অর্থ অপব্যবহার করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, মোহাম্মদ আব্দুল মতিন বলেন, পারিবারিক প্রয়োজন ও মায়ের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি দাবি করেন, ছেলের অনুদানের অর্থ ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার আর্থিক সক্ষমতায় বিয়ের ব্যয় বহন করা সম্ভব হয়েছে। বর্তমানে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে, শহীদ পরিবারের মর্যাদা ও জনমনের আবেগ বিবেচনায় এমন সিদ্ধান্ত আরও সংবেদনশীলভাবে নেওয়া উচিত ছিল। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *