প্রধান খবর

ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত: পাইলট ও প্রশিক্ষকসহ নিহত ১১

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির টম্বলেন শহরে স্কাইডাইভিং অভিযানের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিতে থাকা পাইলটসহ সব আরোহীরই মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাকবলিত ম্যুর্থ-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভ সেগুই সংবাদমাধ্যমকে জানান, বিধ্বস্ত ওই ছোট বিমানটিতে চালক ছাড়া আরও ১০ জন আরোহী ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত করে তিনি বলেন, আরোহীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের প্রশিক্ষণার্থী এবং বাকি পাঁচজন তাদের প্রশিক্ষক ছিলেন। আকাশ থেকে হঠাৎ করে বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতা শুরু করে স্থানীয় জরুরি উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করেন। প্রশাসনিক প্রধান ইভ সেগুই আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটিত হয়নি। তবে কী পরিস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করতে টম্বলেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ধরনের বাধা ছাড়াই দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সবাইকে দুর্ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বড় বিপর্যয়ের খবর পাওয়ার পরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ পরিস্থিতি সশরীরে তদারকি করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *