প্রধান খবর

চীনা নাগরিকের অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রী নিখোঁজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ করেছেন তার চীনা স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী চীনা নাগরিক থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনাস্থল ঢাকার সাভার এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেয় পুলিশ।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই দাবি করেন, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে তিনি স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় মোর্শেদা খাতুনের সঙ্গে আন হংওয়েইর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে গেলে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা দেয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম জানান, প্রাথমিক তথ্যানুযায়ী অভিযোগের ঘটনাটি সাভার এলাকায় সংঘটিত হয়েছে। এ কারণে ভুক্তভোগীকে সাভার থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সীমাবদ্ধতার কারণে চীনা নাগরিকের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব না হলেও তিনি ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *