কলম্বিয়ার পপতারকা শাকিরা লাতিন ছন্দ, শক্তিশালী কণ্ঠ ও মঞ্চকেন্দ্রিক পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বসংগীতে অনন্য অবস্থান গড়ে তুলেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই স্প্যানিশ ও ইংরেজি দ্বিভাষিক ধারায় সমান সফলতা অর্জন করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করেন।
আগামী ১০ এপ্রিল মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে নির্ধারিত লাইভ পারফরম্যান্স ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সংগীতবোদ্ধাদের মতে, ক্যারিয়ারের যেসব গান তাকে বৈশ্বিক স্বীকৃতি দিয়েছে, সেগুলোই আবারও দর্শকদের সামনে উপস্থাপন করবেন এই তারকা শিল্পী।
নিম্নে শাকিরার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ১০টি গান তুলে ধরা হলো, যেগুলো তাকে বিশ্বজুড়ে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে
১. Hips Don’t Lie
২০০৬ সালে প্রকাশিত এ গানটি বিলবোর্ড হট ১০০–এ তার প্রথম নম্বর ওয়ান হিট। সংক্রামক লাতিন বিট ও প্রাণবন্ত উপস্থাপনা গানটিকে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
২. Beautiful Liar
২০০৭ সালে বিয়ন্সের সঙ্গে করা এই ডুয়েটটি প্রথম সপ্তাহে বিলবোর্ড হট ১০০–এ ৯৪ নম্বরে প্রবেশ করে এবং পরের সপ্তাহেই উঠে আসে ৩ নম্বরে। তৎকালীন সময়ে চার্টে সবচেয়ে বড় উত্থানের রেকর্ড করে গানটি।
৩. Whenever, Wherever
ইংরেজি ভাষার মূলধারার পপ সংগীতে শাকিরার শক্ত অবস্থান তৈরি করে এই গান। ইউরোপ ও লাতিন আমেরিকায় ব্যাপক সাফল্য অর্জন করে এটি।
৪. She Wolf
ইলেক্ট্রোপপ ধারায় শৈল্পিক রূপান্তরের নিদর্শন হিসেবে বিবেচিত এই গানটি ডান্স–পপ ঘরানায় তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
৫. La Tortura
স্প্যানিশ ভাষার এ গানটি বিলবোর্ড হট লাতিন চার্টে দীর্ঘ সময় শীর্ষে থেকে রেকর্ড গড়ে। লাতিন পপ ধারায় এটি তার অন্যতম প্রভাবশালী সৃষ্টি।
৬. Can’t Remember to Forget You
রিহানা এর সঙ্গে গাওয়া এই গান ডিজিটাল বিক্রি ও আন্তর্জাতিক চার্টে উল্লেখযোগ্য সাফল্য পায়।
৭. Loca
ইংরেজি ও স্প্যানিশ উভয় সংস্করণেই জনপ্রিয় এ গান লাতিন পপ চার্টে শীর্ষস্থান অর্জন করে।
৮. Waka Waka (This Time for Africa)
2010 FIFA World Cup কে কেন্দ্র করে নির্মিত এ গান বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল সংগীতে পরিণত হয় এবং বৈশ্বিক সাংস্কৃতিক আইকনে রূপ নেয়।
৯. Don’t Bother
ইউরোপীয় চার্টে শক্ত অবস্থান তৈরি করে গানটি, যা তার ইংরেজি অ্যালবামের বিক্রি ধরে রাখতে সহায়ক ছিল।
১০. Underneath Your Clothes
গিটার নির্ভর সুর ও আবেগঘন কণ্ঠ উপস্থাপনায় গানটি বিলবোর্ড টপ ১০–এ জায়গা করে নেয় এবং দীর্ঘ সময় রেডিওতে জনপ্রিয় থাকে।
শাকিরার সংগীতযাত্রা প্রমাণ করে, ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে বৈশ্বিক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া সম্ভব। তার বহুমাত্রিক সংগীতধারা ও পারফরম্যান্সভিত্তিক উপস্থাপনাই তাকে বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পীতে পরিণত করেছে।

