২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭৫ শতাংশে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে মে, এই পাঁচ মাসে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। এই রেমিট্যান্স দেশের লাখো পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্র্যাক ব্যাংকের এই অর্জন প্রমাণ করে যে প্রবাসী বাংলাদেশি এবং বিশ্বব্যাপী এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে ব্যাংকটির রেমিট্যান্স সেবা এখন অত্যন্ত নির্ভরযোগ্য। দেশের মানুষের দৈনন্দিন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় খরচ জোগাতে রেমিট্যান্স যে কতটা গুরুত্বপূর্ণ এই সাফল্য তা আরও স্পষ্ট করে।
এ ছাড়া দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের ডিজিটাল সেবা, দ্রুত লেনদেন এবং নিরাপদ চ্যানেলের কারণে প্রবাসীদের আস্থা আরও বেড়েছে।

