আইফোন কেনার টাকা জোগাতে দেড় বছরের নিষ্পাপ শিশু সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার নজিরবিহীন ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম মারুফ মুন্সি।
শনিবার (২৯ আগস্ট) পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এ অমানবিক ঘটনাটি ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সাভারের মেয়ে বৃষ্টিকে বিয়ে করেন মারুফ। সম্প্রতি দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাপের বাড়ি চলে গেলে দেড় বছরের শিশু মুসা তার দাদি মাহফুজা বেগমের কাছেই থাকত। শনিবার সকালে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে সন্তানকে নিয়ে বের হন মারুফ।
পরবর্তীতে সন্ধ্যা পার হলেও তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। পরে ঢাকায় মামার বাসায় অবস্থানরত মারুফকে আত্মীয়দের পক্ষ থেকে প্রবল জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানকে বিক্রির কথা স্বীকার করেন। নিহতের দাদি জানান, ইমরান নামের এক ব্যক্তির কাছে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে এক লাখ টাকায় নিজের সন্তানকে বিক্রি করে দেন মারুফ এবং সেই অর্থ দিয়ে একটি ব্যবহৃত আইফোন ক্রয় করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ক্রেতা ইমরান জানান, তাঁর শ্বশুরের কোনো পুত্রসন্তান না থাকায় তিনি নগদ ১ লাখ টাকার বিনিময়ে শিশুটিকে দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে শিশুটিকে উদ্ধারে পুলিশের টিম অভিযানে নেমেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

