প্রধান খবর

জাহের আলভীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আদালতে এ আবেদন দাখিল করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ইকরাকে উদ্দেশ্য করে আলভী নিয়মিত অপমানজনক ও মানসিকভাবে নির্যাতনমূলক পোস্ট দিতেন তার ফেসবুকে। এমনকি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি তিনি অন্য এক নারীর সঙ্গে ছবি পোস্ট করে উসকানিমূলক মন্তব্য লিখেছিলেন, যা ইকরার মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে তদন্তে ধারণা পাওয়া গেছে।

ডিবি বলছে, আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব পোস্ট, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং ঘটনার আগের আচরণ সবকিছুই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। তাই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আগামী বুধবার রিমান্ড শুনানির পর আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *