প্রধান খবর

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের জন্য নতুন কর্মঅনুমতি বাধ্যতামূলক

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট বা কর্মঅনুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ নতুন নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মঅনুমতি গ্রহণের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্ম শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করে। এর আওতায় প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এছাড়া ‘তামহীর’ কর্মসূচির প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা কর্মসংস্থান সংক্রান্ত বাধ্যবাধকতার অংশ হিসেবে বিবেচিত হবে না।

কিউয়া আরও জানিয়েছে, সেবা ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। পদত্যাগ সংক্রান্ত নতুন বিধানে কর্মীদের জন্য অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে। নিয়োগকর্তা আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মীরা পদত্যাগপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন।

অন্যদিকে, ভিসা-সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, একবার ভিসা ইস্যু হওয়ার পর এর কোনো তথ্য সংশোধন করা যাবে না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে পুনরায় আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *