যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর আজ রাত থেকেই চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন এই চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের অবসান ঘটবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার প্রক্রিয়াও শুরু হবে। ভারতস্থিত ইরানি কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘারিবাবাদির বক্তব্য প্রকাশ করে জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ঘারিবাবাদি আরও জানান, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে চুক্তির কোনো পক্ষ শর্ত ভঙ্গ করলে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা সম্পন্ন হওয়ার কথা জানান। তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়েও মন্তব্য করেন।
তবে এই সমঝোতা চুক্তি নিয়ে ইসরায়েলে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে ঘিরে ঘোষিত লক্ষ্যগুলো পূরণ হয়নি।

