প্রযুক্তিপণ্য নির্মাতা ভিভো নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড ‘ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও ৫ই’ উন্মোচন করেছে। চীনের বাজারে উন্মোচিত এই ডিভাইসটি উন্নত নয়েজ ক্যানসেলেশন, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আধুনিক অডিও প্রযুক্তির কারণে ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নতুন ইয়ারবাডটিতে ১১ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যা উন্নত অডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সমর্থন রয়েছে। পাশাপাশি ভিভোর ডিপএক্স ৩.০ স্টেরিও সাউন্ড প্রযুক্তি গান, ভিডিও ও গেমিংয়ে আরও প্রাণবন্ত শব্দ উপহার দেবে।
ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ ৫৫ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি)। এছাড়া ডুয়াল-মাইক্রোফোনভিত্তিক এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি ফোনালাপের সময় বাইরের শব্দ কমিয়ে পরিষ্কার যোগাযোগ নিশ্চিত করবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে ব্লুটুথ ৫.৪ এবং ডুয়াল-ডিভাইস পেয়ারিং সুবিধা যুক্ত করা হয়েছে। গেমারদের জন্য রয়েছে ৪২ মিলিসেকেন্ড লো-ল্যাটেন্সি মোড, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ব্যাটারি পারফরম্যান্সেও চমক দেখিয়েছে ভিভো। একবার চার্জে ইয়ারবাডটি সর্বোচ্চ ১৩ ঘণ্টা ব্যবহার করা যাবে। আর চার্জিং কেসসহ মোট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৫৫ ঘণ্টা পর্যন্ত। চীনের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৯ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকার সমপরিমাণ।

