বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্ট থেকে পাওয়া তার জামিন আপাতত কার্যকর হচ্ছে না।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ আবদুর রহমান বদিকে জামিন প্রদান করেন। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার জজ আদালত জামিনের ওপর স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরবর্তীতে শুনানি শেষে আপিল বিভাগ সেই স্থগিতাদেশ বহাল রাখেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলায় তাকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছিল।
এ ছাড়া টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায়ও বদিকে প্রধান আসামি করা হয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

