সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পরিবারসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে হাসাদাহ বাজার এলাকায় একজন সংসদ সদস্যের পরিবারের ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত বহন করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলায় দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি ও সংসদ সদস্যের শ্যালক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগও তুলে ধরা হয়।
অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।
বিবৃতির শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

