প্রধান খবর

এনসিপির আয়ের উৎস নিয়ে রাশেদ খাঁনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি এমন অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপির নেতারা যে বিলাসী জীবনযাপন করছেন, তার অর্থ কোথা থেকে আসে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষায়, রূপায়নে অফিস ভাড়া, গাড়ি, প্রটোকল এসবের ব্যয় স্বাভাবিক উপার্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাশেদ খাঁন অভিযোগ করেন, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি বা জামায়াতকে দায়ী করা হলেও বাস্তবে এই চুক্তি করিয়েছে এনসিপি। তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে অমানবিক ভাষায় কথা বলছেন। ঝিনাইদহ সফরে অস্ত্রধারী ক্যাডার নিয়ে আসার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, ছাত্রদলের কেউ নাসীরুদ্দীনের ওপর হামলা করেনি, বরং সাধারণ মানুষই তার আচরণে ক্ষুব্ধ।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও কঠোর অবস্থান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা স্বাধীনতার বিরোধী শক্তি এবং সবসময় অগণতান্ত্রিক সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তার অভিযোগ, জামায়াত ও এনসিপি মিলে নতুন ষড়যন্ত্র শুরু করেছে, তবে দেশের মানুষ এই অপশক্তিকে আর গ্রহণ করবে না।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *