ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মতো মিথ্যাবাদী রাজনৈতিক শক্তি বর্তমান বিশ্বে বিরল। জনগণকে বিভ্রান্ত করে তারা রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ইসলামী পরিচয়ের দাবি করলেও জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি ইশতেহারে ইসলামের মৌলিক আদর্শ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে। অথচ অন্য দলগুলো ইসলামের কথা অস্পষ্টভাবে উপস্থাপন করছে। এ অবস্থায় জামায়াতকে ইসলামী দল হিসেবে প্রচার করা আত্মপ্রবঞ্চনার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তাদের শাসনামলে দুর্নীতি ও অর্থপাচার চরম আকার ধারণ করেছে। দেশকে এ অবস্থা থেকে মুক্ত করতে আলেম-ওলামা ও ইসলামপ্রেমিক জনগণের ঐক্য অপরিহার্য বলে তিনি মত দেন।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্য প্রার্থীরা।

