যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাই জাহিদ হাসান প্রান্ত নিশ্চিত করেন।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন।

এর আগে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।

তদন্ত সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল লিমনের অফ-ক্যাম্পাস বাসভবনে তাকে সর্বশেষ দেখা যায়। একইদিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে বৃষ্টিকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পরে দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় এক বন্ধু পুলিশকে অবহিত করলে অনুসন্ধান শুরু হয়।

পুলিশ জানায়, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *